নারায়ণগঞ্জে কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা
নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে জেলা কারাগারের এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার বিকেলে ফতুল্লা মডেল থানায় ওই কারারক্ষীকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।
অভিযুক্ত কারারক্ষী কাজিম উদ্দিন (৪৮) জামালপুরের ঝাউলা গ্রামের রুস্তম আলীর ছেলে।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আসামি বাদীর অজান্তে তার কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ধর্ষণ করে।'
ওসি আরও বলেন, 'ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য আগামীকাল সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। আর মামলার তদন্ত করে আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হবে।'
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাহবুবুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাজিম উদ্দিন নামে একজন কারারক্ষী আছে। তবে তার বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ এখনো আমরা পাইনি। অভিযোগ আসলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।'
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের ৭টি থানায় ২০২১ সালে ১৪২টি ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আর চলতি ২০২২ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি এ দুই মাসে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে ২০টি।