মামলা দায়ের করেছেন নিউমার্কেট এলাকায় সংঘর্ষে নিহত নাহিদের বাবা
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে কুরিয়ার সার্ভিসকর্মী নাহিদ হোসেনের নিহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
বৃহস্পতিবার রাত ১টার দিকে ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'নাহিদের বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় তিনি অজ্ঞাত আসামি উল্লেখ করেছেন।'
তিনি জানান, ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যেকার সংঘর্ষের ঘটনায় মোট ৩টি মামলা হবে। আরও ২টি মামলা প্রক্রিয়াধীন।
এসি শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, 'নিহতের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামি শনাক্তের কাজ এরই মধ্যে শুরু হয়েছে।'

