নিরাপদ সড়ক আন্দোলন: বিএনপি নেতা আমীর খসরুর বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার ফারুক-উল-হক দ্য ডেইলি স্টারকে বলেন, কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় গুহ গতকাল আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মিলহানুর রহমান নাওমীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে টেলিফোনে একটি কথপোকথন সামাজিক যোগাযোগমাধ্যেমে ছড়িয়ে পড়ে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী কুমিল্লার বিএনপি কর্মী মিলহানুর রহমান নাওমীর সঙ্গে ষড়যন্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার করছেন—টেলিফোনের কথপোকথন তার প্রমাণ উল্লেখ করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে ২০১৮ সালের ৪ আগস্ট কোতয়ালী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ও বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা দায়ের করেছিলেন।

মামলায় আমীর খসরুকে আসামি করা হয়। ফারুক-উল-হক আরও বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় পুলিশ অভিযোগপত্র জমা দিয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলা তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 'তথ্যগত ভুল' থাকায় অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

পুলিশ গতকাল অভিযোগপত্র জমা দিলেও বিষয়টি আজ জানা যায়। আদালত সূত্র জানিয়েছে, পরবর্তী তারিখে অভিযোগপত্রের ওপর শুনানি হবে।

ওই বছরের ২৮ আগস্ট হাইকোর্ট বিভাগ থেকে আমীর খসরু ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। ২১ অক্টোবর আত্মসমর্পন করলে বিচারিক আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১২ নভেম্বর তিনি জামিন পান।