নির্বাচন পরবর্তী সহিংসতা: পাবনায় গুলিতে আ. লীগ নেতা নিহত
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।
নিহত শামীম হোসেন (৩৫) হেমায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।'
এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ওই ইউনিয়নের নাজিরপুর বাজারে গত ২৬ তারিখের ইউপি নির্বাচনে ২ পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
পরাজিত নৌকার প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু ও স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম নিলুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষে শামীম গুলিবিদ্ধ হন।
তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঞ্জুরুল ইসলাম মধু দ্য ডেইলি স্টারকে জানান, সন্ধ্যায় তিনি নাজিরপুর বাজারে সমর্থকদের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় একদল অস্ত্রধারী তাদের ওপর হামলা চালায়।
তিনি বলেন, 'শামীম আমাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।'
তার অভিযোগ, তরিকুল ইসলাম নিলুর নেতৃত্বে এ হামলা চালানো হয়।