নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: ৪ পুলিশকে সাময়িক বরখাস্তের রায় সুপ্রিম কোর্টে স্থগিত

স্টার অনলাইন রিপোর্ট

নোয়াখালীর বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় অবহেলার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু ওই আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ৪ পুলিশ সদস্যের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান আজ মঙ্গলবার এ স্থগিতাদেশ দেন।

আগামী ২৮ নভেম্বর এ বিষয়ে শুনানির জন্য সুপ্রিম কোর্ট তার পূর্ণাঙ্গ বেঞ্চে স্থগিতাদেশের আবেদন পাঠিয়েছেন।

কর্তব্যে অবহেলার জন্য ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করতে গত ২৮ অক্টোবর হাইকোর্ট সরকারকে নির্দেশ দেন। তারা হলেন-বেগমগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী, তৎকালীন উপপরিদর্শক হাবিবুর রহমান, তৎকালীন সহকারী উপপরিদর্শক মফিজুল ইসলাম এবং ওই এলাকার গ্রাম পুলিশের সদস্য আলী আসগর।

তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।

আজ আদালতে পুলিশ সদস্যদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোমতাজউদ্দিন ফকির।

গত বছর ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ওই ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটে।