নোয়াখালীতে আ. লীগ নেতা হত্যার ঘটনায় মামলা

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগ নেতা আবু ছায়েদ ভূঞা রিপনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করেছেন তার স্ত্রী পারভীন আক্তার।

আজ শুক্রবার বিকেলে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ৭-৮ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন তিনি।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।  তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না। 

গত বুধবার রাতে উপজেলার মীরওয়ারিশ গ্রামের বাদি গাছতলায় রিপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি মীরওয়ারিশ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।