নোয়াখালীতে জামায়াত নেতা গ্রেপ্তার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া মো. শাহাজান (৫০) উপজেলার চর হাজারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির এবং একই ওয়ার্ডের মৃত সেকান্দর আহম্মদের ছেলে। আজ শুক্রবার ভোররাত ৩টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর ১২টার দিকে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে তোলা হয়।
'মিছিলের পরিকল্পনা করায়' এই জামায়াত নেতাকে গ্রেপ্তারের কথা জানালেও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, '১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হয়েছে।'
এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলামের ভাষ্য, 'গ্রেপ্তারকৃত আসামির নেতৃত্বে লোকজন মিছিল করেছে। মিছিল থেকে নাশকতার পরিকল্পনাও করা হয়েছিল।'
কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোশারেফ হোসেনের ভাষ্য, 'মিছিলের পরিকল্পনার অভিযোগে শাহাজানকে গ্রেপ্তার করলেও গত ২৯ মার্চ দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হয়েছে। আমরা কেউ এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নই।'
নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার শাজাহানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, 'মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে শাহাজাহানকে কে গ্রেপ্তার করা হয়েছে।'