নোয়াখালীতে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশসহ ৪ জন কারাগারে

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীতে ট্রাফিক পুলিশ মেসে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ট্রাফিক পুলিশ সদস্যসহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা হলেন—নোয়াখালী সদরের ট্রাফিক পুলিশ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা গ্রামের মকবুল হোসেন (৩২), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশা চালক কামরুল (২৫), নোয়াখালী সদর উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা আবদুল মান্নান (৩৯) এবং বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের বাসিন্দা নুর হোসেন প্রকাশ কালু।

ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে তাদের আটক করে পুলিশ। পরে আজ শুক্রবার মামলা করার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গ্রেপ্তারকৃতরা ওই নারীকে ট্রাফিক পুলিশ মেসে নিয়ে গিয়ে ধর্ষণ করে।