নোয়াখালীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম শেখ ফরিদ প্রকাশ ফরিদ সর্দার (৫২)।

শুক্রবার বিকেল ৩টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান ফরিদ সর্দার।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

এর আগে উপজেলা চরক্লার্ক ইউনিয়নের কমলার বাপের দোকান বাজার এলাকায় দুপুর ১২টার দিকে তাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় চাঁন মিয়া (৩৫) নামের আরও একজন আহত হয়েছেন।

ওসি মো. জিয়াউল হক জানান, নিহত ফরিদ সর্দার মৃত নূর নবী প্রকাশ হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ফরিদ সর্দার ও চাঁন মিয়া। পথে কমলার বাপের দোকান এলাকায় পৌঁছলে কয়েকজন অস্ত্রধারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় অস্ত্রধারীরা মোটরসাইকেল থেকে নামিয়ে ফরিদ ও চাঁন মিয়াকে এলোপাথাড়ি পিটিয়ে ও আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত ২ জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিকেলে হাসপাতালের মারা যান ফরিদ।

ওসি মো. জিয়াউল হক জানান, পূর্ব বিরোধের জের ধরে মৃত নূর নবীর ছেলেরা ফরিদের ওপর হামলা চালিয়ে এ ঘটনা ঘটিয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।