নোয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
দীর্ঘদিন পলাতক থাকার পর নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি আব্দুর রশিদকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জের উপজেলার মহিবুল্ল্যাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার আব্দুর রশিদ উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহিবুল্ল্যাহপুর গ্রামের মিজি বাড়ির বাসিন্দা। ২০০৯ সালে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। গ্রেপ্তার এড়াতে তিনি ১২ বছর পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, 'আসামিকে আজ দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।'