নোয়াখালীতে ২০০ কেজি সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর কবিরহাটে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২০০ কেজি চাল কালোবাজারে বিক্রির জন্য নেওয়ার সময় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কাছারিরহাট বাজার এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক হাফিজ উল্যাহ ওরফে শেখসাব (৩৮) ও চাল বহনকারী রিকশাচালক দেলোয়ার হোসেন (৩৮)।

আজ শুক্রবার আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে—গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কবিরহাট উপজেলার কাছারিরহাট বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক হাফিজ উল্যাহর দোকান থেকে ৪ বস্তা চাল রিকশায় নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা রিকশাচালক দেলোয়ারকে আটক করেন।

এরপর রিকশাচালককে জিজ্ঞাসা করলে তিনি জানান, কাছারিরহাট বাজারের পরিবেশক হাফিজ উল্যাহ শেখসাবের দোকান থেকে চালগুলো স্থানীয় ইলিয়াসের বাড়িতে নিয়ে যাচ্ছেন। লোকজন চালের বস্তাসহ রিকশাচালককে আটক করে থানায় খবর দিলে পুলিশ চাল জব্দের পাশাপাশি রিকশাচালককে গ্রেপ্তার করে।

উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. সালাউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'জব্দ করা চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির বলে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। চালগুলো ডিলারের দোকান থেকে অন্য জায়গায় নেওয়া হচ্ছিল।'

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'খাদ্য বিভাগের পক্ষ থেকে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. সালাহউদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে হাফিজ উল্যাহ ওরফে শেখসাব ও চাল বহনকারী রিকশাচালক দেলোয়ারের বিরুদ্ধে মামলা করেছেন।'

ওসি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে ডিলাার ন্বীকার করেছেন দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের বরাদ্দ ১০ টাকা কেজির ৩০ কেজির বস্তা থেকে চুরি করে ২০০ কেজি চাল জমানো হয়। ওই চোরাই চাল বিক্রির জন্য নেওয়ার সময় জনতার হাতে রিকশাচালক দেলোয়ার আটক হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দেলোয়ার ও পরে ডিলারকে প্রথমে আটক করে, পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।'