পঞ্চগড়ে ভারতীয় নাগরিকসহ ১০ চোরাকারবারি গ্রেপ্তার
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় একজন ভারতীয় নাগরিকসহ ১০ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল। এ সময় একটি রিভলভার, গুলি, ইয়াবাসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের পঞ্চগড়ের একটি আদালতের মাধ্যমে পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মো. গফুর আলম (২৫), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের দেলোয়ার হোসেন (২৮), আব্দুর রাজ্জাক (২৩), বিকাশ পাল (৩৫), বিষ্ণুপাল (২৯), জাকির হোসেন (২৫), হজরত আলী (২৭), মনিরুল ইসলাম (৩২), বড়বাড়ি ইউনিয়নের নাসিরুল ইসলাম (২৪) ও পশিরুল ইসলাম (২৮)।
এসব তথ্য নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান দ্য ডেইলি স্টারকে জানান, সোমবার রাতে খবর পাওয়া যায় যে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে সীমান্তবর্তী ক্যাম্পেরহাট এলাকা থেকে চোরাকারবারিরা একটি মাইক্রোবাস ও একটি ডিজেল চালিত যানে করে মাদকদ্রব্য নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দিকে যাচ্ছে।
খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল তাদের ধাওয়া করে।
এক পর্যায়ে মাইক্রোবাস থেকে চোরাকারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও ফাঁকা রাবার বুলেট ছোঁড়ে এবং এক পর্যায়ে মাইক্রোবাস থেকে একজন ভারতীয় নাগরিকসহ ১০ জনকে পুলিশ আটক করতে সক্ষম হয় বলে জানান ওসি।
তিনি জানান, তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় অস্ত্র ও মাদক চোরাকারবারি ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩টি মামলা করা হয়েছে।