পঞ্চগড়ে ২ ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

পঞ্চগড় সদর উপজেলার একটি মাদ্রাসার ১০ ও ১২ বছর বয়সী দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক আবু বক্কর সিদ্দিককে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে শিশু দুটির একজনের বাবা ওই শিক্ষককে অভিযুক্ত করে পঞ্চগড় থানায় একটি মামলা করেন।   

পরে ওই রাতেই অভিযুক্ত শিক্ষককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পঞ্চগড়  থানা পুলিশ।  

রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত আবু বক্কর পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাসিন্দা।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন,  প্রায় দেড় বছর ধরে ওই দুই ছাত্র মাদ্রাসায় হাফেজি পড়ে। গত বৃহস্পতি ও শুক্রবার ওই শিক্ষক ছাত্রদের ধর্ষণ করেন।

পরে ঘটনাটি জানাজানি হলে শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বলেন, গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুই ছাত্রকে তাদের পরিবারের কাছে দেওয়া হয়েছে।