পটুয়াখালীতে অপহৃত ব্যবসায়ী শিবু লাল দাসকে উদ্ধার
মুক্তিপণ হিসেবে ২০ কোটি টাকার দাবিতে অপহরণ করা ব্যবসায়ী শিবু লাল দাসকে ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সে সময় তার সঙ্গে থাকা গাড়ি চালককেও উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পটুয়াখালী কাজীপাড়ায় এসপি কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড থেকে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
তারা পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পটুয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'তথ্য-প্রযুক্তির সহায়তায় দিনভর অভিযান চালিয়ে ওই স্থানকে চিহ্নিত করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করা হয়।'
প্রত্যক্ষদর্শীরা ডেইলি স্টারকে জানান, বোরকা পরা ও অসুস্থ অবস্থায় তাদের সেখানে পাওয়া যায়।
আজ বুধবার ভোররাতে পটুয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।'