পটুয়াখালী: ব্যবসায়ী শিবু লাল দাসকে ‘অপহরণের’ অভিযোগ
পটুয়াখালীর ধনাঢ্য ব্যবসায়ী শিবু লাল দাস ও তার গাড়িচালক মিরাজকে (২৪) 'অপহরণের' অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার রাত ৯টার দিকে জেলার গলাচিপা উপজেলার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পটুয়াখালী শহরের বাসায় ফেরার পথে এ 'অপহরণের' ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার ভোরে পটুয়াখালী পুলিশ শিবু লাল দাসের (৬২) ব্যবহৃত প্রাডো গাড়ি পরিত্যক্ত অবস্থায় পটুয়াখালী-কুয়াকাটা সড়কের বরগুনার আমতলী উপজেলার আমরাগাছিয়া এলাকা থেকে উদ্ধার করে।
চালক মিরাজ (২৪) ও 'অপহৃত' ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ।
পারিবারিক সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো শিবু লাল দাস তার ব্যবসায়িক কাজ সেরে চালককে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন।
তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান দাস অ্যান্ড ব্রাদার্সের ম্যানেজার ভবরঞ্জন সরকার ডেইলি স্টারকে বলেন, 'রাত সাড়ে ১০টার দিকে শিবু লাল দাসকে ফোন করেছিলাম। কিন্তু ফোন বন্ধ পাই। এরপর বিষয়টি পরিবারকে জানাই। পরে পরিবারের পক্ষ থেকে বিভিন্নস্থানে খোঁজ নেওয়া শুরু হয়।'
এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার বলেন, 'বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা করছি।'