পথচারী হত্যা মামলায় বাসচালকসহ ২ জনের যাবজ্জীবন
রাজধানীর শ্যামলী এলাকায় ৩৫ বছর বয়সী এক পথচারী হত্যা মামলায় মিনি বাসচালকসহ ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা বেগম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বাসচালক মো. শওকত ও তার সহকারী মো. আখতার হোসেন। শওকতের বাড়ি মুন্সিগঞ্জে, তার বাবার নাম মো. মফিজ মিয়া এবং আখতারের বাড়ি ফরিদপুরে। তার বাবার নাম বদর উদ্দিন।
ট্রাইব্যুনাল বলেন, আসামিরা আত্মসমর্পন করলে বা গ্রেপ্তার হলে তাদের দণ্ড কার্যকর করা হবে।
রাষ্ট্রপক্ষ জানায়, ১৯৯৯ সালের ৫ সেপ্টেম্বর আনুমানিক সাড়ে ১১টার দিকে শ্যামলী শিশু মেলার উত্তর পাশে একটি মিনি বাস (ঢাকা মেট্রো জ-০৮২৬) একটি রিকশাওয়ালাকে ধাক্কা দেয়। ক্ষতিপূরণ হিসেবে চালক ও তার সহকারী ৫০ টাকা দিতে চায়। সে সময় অজ্ঞাতপরিচয় এক পথচারী প্রতিবাদ করেন এবং রিকশাওয়ালাকে ৫০০ টাকা দিতে বলেন। এক পর্যায়ে বাসচালকের সহকারী, অর্থাৎ আখতার তাকে মিনি বাসে তুলে নেন। পরে তাকে ধাক্কা দিয়ে বাসের নিচে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়।
ওই ঘটনায় পরবর্তীতে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আলী আজম সিদ্দিকী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে এসআই সৈয়দ মহসিন ২০০০ সালের ১৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। এই মামলায় আদালত মামলার বাদী এবং রাষ্ট্রপক্ষের ৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।