পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৫ জানুয়ারি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছেন আদালত।
আজ রোববার এ আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদক মামলায় হাজিরা দিতে আজ আদালতে উপস্থিত ছিলেন পরীমনি।
আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, 'ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান মারা যাওয়ায় কারণে আজ ঢাকা জজ কোর্টের সব বিচারিক কার্যক্রম মুলতবি থাকবে। এ কারণে এই মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।'
সেদিন আদালতে আসামিদের উপস্থিতিতে চার্জ গঠনের শুনানি হবে বলেও জানান তিনি।
গত ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলা হওয়ার ২ মাসের মাথায় গত ৪ অক্টোবর আদালতে পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গত ১৫ নভেম্বর আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্য গত ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছিলেন আদালত। সেদিন মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বদলির আদেশ দেন মহানগর দায়রা জজ আদালত। পরীমনি সেদিনও আদালতে হাজির ছিলেন।