পরীমনির বিরুদ্ধে মাদক মামলার বিচার পুনরায় শুরুতে বাধা নেই
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদক মামলার বিচার কার্যক্রম স্থগিতে হাইকোর্টের আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
এতে এ মামলার বিচার আবার শুরু করতে আর বাধা থাকল না।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারক স্থগিতাদেশ দিয়েছেন।'
তিনি বলেন, 'এ আদেশের ফলে মামলার বিচার কার্যক্রম পুনরায় শুরু করতে নিম্ন আদালতের সামনে কোনো আইনি বাধা থাকল না।'
আদালত এখন মামলার সাক্ষীদের বক্তব্য রেকর্ড করছে এবং এর বিচার চালানোর জন্য মামলায় যথেষ্ট উপাদান আছে উল্লেখ করে সুপ্রিম কোর্ট এই স্থগিতাদেশ দিয়েছেন বলে জানান তিনি।
আজ পরীমনির পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও সৈয়দা নাসরিন।
পরীমনির করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ মার্চ হাইকোর্ট পরীমনির বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করেন। এছাড়া কেন মামলার কার্যক্রম বাতিল করা হবে না, ৪ সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষের কাছে তার ব্যাখ্যা চেয়ে একটি রুল জারি করেন আদালত।
গত বছরের ৪ আগস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযানে পরীমনির বাসা থেকে মদ, আইস ও এলএসডি জব্দ করা হয়। এসময় পরীমনি ও দিপুকে আটক করে র্যাব।
পরদিন বনানী থানায় করা মামলায় এই ২ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
পরে ৪ অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।
ঢাকার একটি আদালত চলতি বছরের ৫ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় পরীমনি ও তার ২ সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।