পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২ জানুয়ারি

স্টার অনলাইন রিপোর্ট

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদক মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত।

আজ মঙ্গলবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম নতুন এই তারিখ নির্ধারণ করেন।

পরীমনি অসুস্থ থাকায় তার আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেছিলেন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন।

এ দিন আদালতে আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন উপস্থিত ছিলেন। পূর্ব শর্তে আদালত তাদের জামিনের মেয়াদ বাড়িয়ে আদেশ দিয়েছেন।

গত ১২ অক্টোবর ঢাকার মহানগর হাকিম আদালত থেকে বনানী থানায় মাদক আইনে করা মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

এর আগে, ১০ অক্টোবর ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার পরীমনির জামিন মঞ্জুর করেন। মামলার অন্য দুই আসামি কবীর হোসেন ও আশরাফুল ইসলাম দিপুও জামিনে আছেন।

গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। আটকের পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা দায়ের করা হয়।

র‌্যাবের জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে 'মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য' উদ্ধারের কথা বলা হয়।

পরীমনিকে গ্রেপ্তারের পর বার বার রিমান্ডে নেওয়া নিয়ে তুমুল আলোচনার মধ্যে হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তোলেন। পরে গত ৩১ অগাস্ট বিচারিক আদালত থেকে তার জামিনের আদেশ হয়। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান।