পরীমনি মিডিয়া ট্রায়ালের শিকার: হাইকোর্ট

স্টার অনলাইন রিপোর্ট

মাদক মামলায় আটক হওয়া চিত্রনায়িকা পরীমনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছিলেন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার বিচার কার্যক্রম বাতিল চেয়ে পরীমনির করা আবেদনের শুনানিকালে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।

বেঞ্চ পুনরায় শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন।

আবেদনের ভার্চুয়াল শুনানির সময় পরীমনির পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও মো. শাহিনুজ্জামান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গত ৫ জানুয়ারি ঢাকার একটি আদালত পরীমনি ও তার দুই সহযোগী- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

গত বছরের ৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা।

পরীমনি ও দিপুকে গত বছরের ৪ আগস্ট আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। পরীমনির বাসা থেকে সেসময় মদ ও মাদক উদ্ধার করা হয় বলে জানানো হয়।

পরদিন বনানী থানায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।

পরে একই মামলায় কবিরকেও গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারের চার সপ্তাহ পর গত ১ সেপ্টেম্বর পরীমনি অন্তর্বর্তীকালীন জামিনে কারাগার থেকে মুক্তি পান।