পরীমনি, হেলেনা জাহাঙ্গীরসহ অন্যদের ১০ মামলার তদন্ত করতে চায় র‌্যাব

স্টার অনলাইন রিপোর্ট

সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া অভিনেত্রী পরীমনি ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরসহ আরও কয়েকজনের বিরুদ্ধে হওয়া ১০টি মামলার তদন্তের দায়িত্ব চায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আজ সোমবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আল মঈন দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।
আল মঈন ডেইলি স্টারকে বলেন, 'তাদের বিরুদ্ধে হওয়া ১০টি মামলার বিষয়ে তদন্তের জন্য আমরা পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছি। যদি অনুমতি পাই, তাহলে আমরা মামলাগুলোর তদন্ত শুরু করব।'
তিনি আরও বলেন, 'এটি রুটিন প্রসেস। আমরা সাধারণত কোনো বড় ধরনের অভিযান পরিচালনার পর সেই ঘটনায় মামলা হলে তদন্তের জন্য জানিয়ে থাকি।'
পরীমনি, মিশু হাসান, প্রযোজক নজরুল ইসলাম রাজ ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীর ও অন্যান্যদের মামলার বিষয়ে তদন্ত করছে পুলিশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তবে, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গোয়েন্দারা আটক করায় র‌্যাব তাদের বিরুদ্ধে তদন্ত করতে চায় না।