‘পলাতক’ আসামি নিয়ে কেক কাটার ঘটনায় চকরিয়ার ওসি প্রত্যাহার
হত্যা চেষ্টা মামলার পলাতক আসামিদের সঙ্গে থানায় কেক কেটে জন্মদিন পালনের অভিযোগে কক্সবাজার জেলার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণিকে প্রত্যাহার করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেক কাটার ছবি প্রচার এবং দ্য ডেইলি স্টারসহ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে সমালোচনার শুরু হওয়ায় জেলা পুলিশ প্রশাসন তাকে প্রত্যাহার করল।
কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওসি মোহাম্মদ ওসমান গণিকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ওসি বলেন, 'ওসি মোহাম্মদ ওসমান গণিকে আজকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'
এ বিষয়ে অভিযুক্ত ওসির বক্তব্য নিতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
ওসির সরকারি মুঠোফোনে ফোন দেওয়া হলে, চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম ফোন ধরেন। তিনি জানান, ফোনটি এখন তার কাছে আছে।
