পাকস্থলীতে ২ হাজারের বেশি ইয়াবা, শাহজালাল বিমানবন্দরে যাত্রী গ্রেপ্তার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে করে ইয়াবা বহনকালে অভ্যন্তরীণ ফ্লাইটের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার থেকে ঢাকা আসা একটি ফ্লাইট থেকে সঞ্জয় কুমার (৩২) নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
তিনি বলেন, সঞ্জয় কুমার নামে নভো এয়ারের ফ্লাইটের একজন যাত্রীকে সন্দেহজনক বলে মনে হয়। এ সময় যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে তিনি মাদক সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদে পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন তিনি। ঢাকায় এক ব্যক্তির কাছে এই চালান পৌঁছে দেওয়ার কথা ছিল বলেও জানিয়েছেন তিনি।
পরে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। সঞ্জয় কুমারের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।