পাবনায় আ. লীগ নেতা নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনার হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম নিলুর স্ত্রী মালেকা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত শামীম হোসেনের বাবা নুর আলী বাদী হয়ে গতকাল বুধবার রাতে তারিকুল ইসলাম নিলুসহ তার পরিবারের ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে মামলা করেন। এরপর নিলুর স্ত্রী মালেকা বেগমকে গ্রেপ্তার করা হয়।'

'বাকি আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান করছে' যোগ করেন তিনি।

স্থানীয়রা ডেইলি স্টারকে জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু পরাজয়ের পর কর্মী-সমর্থকদের নিয়ে আলোচনা করার সময় পরাজিত অপর প্রার্থী তারিকুল ইসলাম নিলু ও তার লোকজন অতর্কিত তাদের ওপর হামলা চালায়।

সেসময় মধুর নির্বাচনী এজেন্ট শামীম হোসেন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।