পাবনায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ১০
পাবনা সদর উপজেলার চরতারাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নাসিম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
আজ সোমবার বিকেল ৫টার দিকে চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এবং স্থানীয়রা জানান, আজ বিকেলে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বরিউল হক টুটুলের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুর রহমান খানের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত নাসিমকে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় আহত আরও ১০ জনকে পাবনা সদর হাসপাতাল এবং সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত নাসিমকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুর রহমান। এ ব্যাপারে জানতে রবিউল হক টুটুলের মুঠোফোনে ফোন দিলে তাকে পাওয়া যায়নি।
ওসি জানান, নিহতের মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।