পাবনায় প্রতিপক্ষের হামলায় ছোট ভাই নিহত, বড় ভাই আহত

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনার সুজানগরে ২ ভাইয়ের ওপর প্রতিপক্ষের হামলার ঘটনা ছোট ভাই নিহত ও বড় ভাই গুরুতর আহত হয়েছেন। 

আজ সোমবার দুপুরে পাবনা আদালত থেকে বাড়ি ফেরার পথে পাবনা সদর উপজেলার আতাইকুলার সাদুল্লাপুরে পৌঁছালে তাদের ওপর দুর্বৃত্তরা হামলা করে।

নিহত আলামিন হোসেন (২৫) পাবনার সুজানগর উপজেলা সদরের রাধানগর মহল্লার আব্দুস সাত্তার প্রামাণিকের ছেলে। সে সুজানগর পৌরসভার টিকাদানকারী পদে চাকরি করতেন। এ ছাড়া তার বড়
ভাই আহত রজব আলীকে মূমুর্ষূ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, সোমবার দুপুরে পাবনা আদালত থেকে বাড়ি ফিরছিলেন দুই ভাই আলামিন ও রজব। পথে প্রতিপক্ষের লোকজন তাদের পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের দুই ভাইকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।  

এ বিষয়ে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনুজ্জামান শাহিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কয়েকদিন ধরে আলামিন ও তার পরিবারের লোকজনের সঙ্গে সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফার পরিবারের সদস্যদের জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২ দিন আগে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।' 

পূর্ব শত্রুতার জের ধরে তোফার লোকজন এ হামলা চালাতে পারেন বলে জানান শাহিন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ও তার ভাই যুবলীগ নেতা জুয়েলকে আটক করেছে। 

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।'