পাবনায় মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের এসআই আহত, গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে তদন্ত করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— পাবনা সদর উপজেলার বাঙ্গাবারিয়া এলাকার মো. সোহেল রানা (৩২), দাপুনিয়া গ্রামের শরিফুল ইসলাম (৪২) ও ভাজপারা গ্রামের হাসেম আলী (৫২)।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোমবার বিকেলে পুলিশ কর্মকর্তা এসআই মো. শহিদুল্লা হেমায়েতপুর এলাকার মাদক ব্যবসা নিয়ে পাওয়া বিভিন্ন অভিযোগ তদন্ত করতে যান। এ সময় সোহেল ও তার লোকজন শহিদুল্লার ওপর হামলা করে তাকে জখম করে। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।'

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।