পারিবারিক বিরোধ, গুলিবিদ্ধ ৪

সংঘর্ষের সময় বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনার সুজানগর উপজেলার হাটখালি ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার রাতে পারিবারিক বিরোধের জেরে ২ গ্রুপের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাটখালি ইউনিয়নের বারভাগিয়া গ্রামের বিশ্বাস পরিবার ও মোল্লা পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ২ পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গোলাগুলির ঘটনা ঘটে এবং উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।'

পারিবারিক বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ ৪ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ তোলা হয়েছে।

বিদ্রোহী প্রার্থী ফিরোজ আহমেদ খান এ অভিযোগ করে সাংবাদিকদের বলেন, 'প্রতিপক্ষের সমর্থকরা হাটখালি ইউনিয়নের নুরউদ্দিনপুর বাজারে আমার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করেছে। নির্বাচন থেকে সরে না যাওয়ায় আমার সমর্থকদের ওপর হামলা করেছে।'

তবে, ফিরোজ আহমেদ খানের এসব অভিযোগ আস্বীকার করেছেন আ.  লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ।

আব্দুর রউফ সাংবাদিকদের জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে এবং আমার বদনাম করতেই এ ধরনের অভিযোগ করা হচ্ছে। সংঘর্ষের হয়েছে স্থানীয় ২টি গ্রুপের মধ্যে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সংঘর্ষের ঘটনা এবং নির্বাচনী আফিস ভাঙচুর দুটি আলাদা ঘটনা। তবে, কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।'