পিকআপ ভর্তি ফেন্সিডিলসহ আ. লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার চান্দিনা উপজেলার পিকআপ ভর্তি ফেন্সিডিলসহ পৌর আওয়ামী লীগ নেতা ভোলা মনিরকে (৩৬) গ্রেপ্তার করেছে চান্দিনা থানা পুলিশ।

এসময় মো. জহির (২৩) নামে আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলাশহর পালকি সিনেমা হল এলাকা থেকে এই ২ জনকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

মোহাম্মদ মনির প্রকাশ ওরফে ভোলা মনির (৩৬) চান্দিনা পৌর আওয়ামী লীগের সদস্য ও পৌর যুবলীগ সাবেক সহ-সভাপতি।

এসময় তার কাছ থেকে ২৭৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি পিকআপ আটক করা হয়েছে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 'কুমিল্লা সীমান্ত এলাকা থেকে পিকআপে করে মাদক পরিবহন করার সময় থানার উপ-পরিদর্শক (এস.আই) জালাল উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা হয়েছে।'

জানতে চাইলে চান্দিনা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিল বলেন, 'যারা মাদকের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'