পিরোজপুরে ইউপি সদস্যের পা ভেঙে দিল দুর্বৃত্তরা
পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ইউপি সদস্য রুহুল আমিন শেখের (৪৫) দুই পা ভেঙে গেছে। আজ বুধবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
রুহুল আমিন শেখ শিকদারমল্লিক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তন্ময় মজুমদার রুহুল আমিনের পা ভেঙে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। এজন্য তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রুহুল আমিনের ছেলে শাওন দ্য ডেইলি স্টারকে জানান, রুহুল আমিন আজ সকালে পিরোজপুর শহরে যাচ্ছিলেন। কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়াতলা এলাকায় পৌঁছালে ২০-২৫ জনের একটি দল রুহুল আমিনের ওপর হামলা চালায়।
স্থানীয়রা রুহুলকে থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাসুদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।'