পিরোজপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ: স্বতন্ত্র প্রার্থীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বতন্ত্র প্রার্থীসহ অন্তত ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নৌকা প্রতীকের প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের ছোট ভাই মো. মোজাম্মেল হোসেন মল্লিক তপন বাদি হয়ে সোমবার বিকেলে পিরোজপুর সদর থানায় এ মামলা করেন।
মামলায় স্বতন্ত্র প্রার্থী মো. নাছির উদ্দিন মাতুব্বরসহ ৩৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১২০-১৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাসুদুজ্জামান দ্য ডেইলি স্টারকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, রোববার বিকেলে পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ (৩২) শংকরপাশা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. তোফাজ্জেলের নির্বাচনী সভায় অংশ নেন। সভা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে তিনি মোটর সাইকেলযোগে মল্লিকবাড়ী বাসস্ট্যান্ডে যান।
সেখানে স্বতন্ত্র প্রার্থী মো. নাছির উদ্দিন মাতুব্বর লোকজন নিয়ে শুভ ও তার সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলা করে। হামলায় গুলিবিদ্ধ হন।
আহতাবস্থায় শুভকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ও পরে খুলনায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে মামলার এজাহারে বলা হয়।
ওসি মো. মাসুদুজ্জামান ডেইলি স্টারকে জানান, রোববার রাতেই নাছির উদ্দিন মাতুব্বরসহ ৯ জনকে পুলিশ আটক করেছে। এ সময় একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
মামলায় অভিযুক্ত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।