পিরোজপুরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে যুবককে কুপিয়ে জখম
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক যুবকের পায়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মঠবাড়িয়া পৌরসভার পিয়াজ হাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. হাসিব (২০) পিরোজপুর সদর উপজেলার সবুজ নগর এলাকার মো. সৈয়দ হোসেনের ছেলে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, হাসিবের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের দ্বন্দ্ব ছিল। শুক্রবার রাতে একা পেয়ে তারা হাসিবকে ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ে আঘাত করে।
হাসিবকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয়রা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ওসি নূরুল ইসলাম বাদল বলেন, 'সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।'
হাসিবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।