পুকুরে ভাসছিল বাবা-মা ও মেয়ের মরদেহ

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনার কয়রা উপজেলা থেকে একই পরিবারের ৩ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের একটি পুকুর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এরা হলেন— হাবিবুর রহমান (৩০), তার স্ত্রী বিউটি (২৬) ও মেয়ে হাবিবা (১১)।

ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহাদাত হোসেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা-মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার পরে মরদেহ পুকুরে লুকানোর চেষ্টা করা হয়েছে।

বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী ডেইলি স্টারকে বলেন, যে ৩ জনকে হত্যা করা হয়েছে তারা আমার পরিচিত। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে শুনেছি।

স্থানীয় বাসিন্দারা জানান, হাবিবুর পেশায় দিনমজুর। তার মেয়ে হাবিবা ৭ম শ্রেণির ছাত্রী ছিল।