পুলিশের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ তদন্তে পুলিশেরই ৪ সদস্যের কমিটি

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে তাজুল ইসলামকে মাদক সেবনের দায়ে আটকের পর নির্যাতন করে হত্যার অভিযোগ ও বিক্ষুব্ধ এলাকাবাসীর থানায় হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশের পক্ষ থেকে আজ বুধবার সকালে ৪ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।

রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিমকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, উপপুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকি ইবনু মিনান, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বক্কর সিদ্দিক এবং সহকারী কমিশনার (পরশুরাম জোন) কাজী আরিফুজ্জামান।

সার্বিক বিষয়ে তদন্ত করে কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।