পুলিশের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ: তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন চান হাইকোর্ট
রংপুরের হারাগাছ থানায় তাজুল ইসলামকে নির্যাতন করে হত্যার অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত ৪ সদস্যের কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ ছাড়াও, মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন ও অপমৃত্যুর মামলার অনুলিপি আগামী ১১ নভেম্বরের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন।
একইসঙ্গে পরবর্তী আদেশের জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
এর আগে, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত আদালতে এ সম্পর্কিত তথ্যাদি তুলে ধরেন। এসময় নিহতের সুরতহাল প্রতিবেদনের একটি কপি দাখিল করা হয়। রংপুরের জেলা ম্যাজিস্ট্রেটের প্রস্তুত করা সুরতহাল প্রতিবেদনে মরদেহের অবস্থা স্বাভাবিক ছিল ও আঘাতের চিহ্ন ছিল না বলে উল্লেখ করা হয়।
এ ঘটনায় আজ রংপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিমকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, উপপুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকি ইবনু মিনান, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বক্কর সিদ্দিক এবং সহকারী কমিশনার (পরশুরাম জোন) কাজী আরিফুজ্জামান।
রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সার্বিক বিষয়ে তদন্ত করে কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।