পূর্ব শেওড়াপাড়ায় যুবলীগ কর্মী গুলিবিদ্ধ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
রাজধানীর পূর্ব শ্যাওড়াপাড়ায় যুবলীগকর্মী সজিব হোসেন লিংকন (২৭) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য সজিব হোসেন লিংকন গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি জানান, গতকাল রাত ১২টার দিকে পূর্ব শ্যাওড়াপাড়ার হাজী আশরাফ আলী হাইস্কুলের সামনে অবস্থিত নিজ বাসায় ফেরেন সজিব। তিনি গ্যারেজে মোটরসাইকেল রাখতে গেলে, পেছন থেকে আরেকটি মোটরসাইকেলে করে আসা হ্যালমেট পরা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তাকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি ছোড়েন। এর মধ্যে ১টি গুলি সজিবের পিঠে ও ২টি ডান পায়ের হাঁটুতে লাগে। পরে পরিবারের সদস্যরা সজিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ওসি আরও জানান, সজিব পরিবার নিয়ে পূর্ব শেওড়াপাড়ার হাজী আশরাফ আলী স্কুল সংলগ্ন একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাটে থাকেন। একই ভবনের দ্বিতীয় তলার বাসিন্দাদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের ফ্ল্যাট নিয়ে ঝামেলা চলছিল। এ নিয়ে ১ বছর আগে ২ পক্ষের মধ্যে মারমারিও হয়। ওই ঘটনার জের ধরে এটি ঘটতে পারে বলে সজিবের পরিবার ধারণা করছে।
পুলিশ হামলাকারীকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এখনও কাউকে আটক করা হয়নি।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।