প্রতারণার অভিযোগে বিকাশের সাবেক কর্মকর্তা গ্রেপ্তার
প্রতারণার অভিযোগে বিকাশের এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। আজ বুধবার সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত তানভীর সিরাজী ওরফে সিজার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসিন্দা। বিকাশের টেরিটরি ম্যানেজার পদে থাকা অবস্থায় গত সেপ্টেম্বর মাসে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
গতকাল দুপুর আড়াইটার দিকে টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, টাঙ্গাইলের সখিপুর থানায় করা একটি প্রতারণা মামলার পরিপ্রেক্ষিতে তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বাদিসহ আরেকজনের বিকাশ এজেন্ট নম্বরে ওই ব্যক্তি নিজেকে বিকাশ কর্মকর্তা পরিচয়ে ফোন দিয়ে বিভিন্ন অফারের কথা বলে এবং প্রতারণা করে ৪ লাখ ৪৮ হাজার টাকা হাতিয়ে নেয়।
মামলাটি সিআইডি তদন্ত করে প্রতারক চক্রের ৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী বিকাশের সাবেক কর্মকর্তা তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
বিকাশ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত তানভীর সিরাজী এখন বিকাশে কর্মরত নন।
এতে বলা হয়, 'তাকে ২০২১ সালের সেপ্টেম্বরে বরখাস্ত করা হয়েছে। বিকাশ এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করছে।'