প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতা আলালের কটূক্তি অপসারণের নির্দেশ হাইকোর্টের

স্টার অনলাইন রিপোর্ট

অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কটূক্তিপূর্ণ বক্তব্যের সব ভিডিও ও অডিও অবিলম্বে সরিয়ে ফেলতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে আজ বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব হাইকোর্ট বেঞ্চকে জানান, বিটিআরসি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ৩৮৭টি লিংক চিহ্নিত করেছে, যেখানে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশালীন ও অবমাননাকর মন্তব্য রয়েছে।

এর মধ্যে ২৭২টি ফেসবুকে এবং ১১৫টি ইউটিউবের লিংক রয়েছে। বিটিআরসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছে বলে জানান তিনি।

আইনজীবী বলেন, ফেসবুক থেকে ১৫টি এবং ইউটিউব থেকে ২টি লিংক ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে।