প্রান্ত দাসকে পেটানোর কথা স্বীকার করে ১ আসামির জবানবন্দি

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দিরে হামলায় নিহত প্রান্ত চন্দ্র দাসকে পেটানোর কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ১ আসামি। আজ শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী আদালতের পরিদর্শক মো. শাহ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ ১৬৪ ধারায় ২ আসামির জবানবন্দি রেকর্ড করেন।

তারা হলেন-চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর মহল্লার বাসিন্দা মো. আব্দুর রহিম (৪০) ও ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর টিঅ্যান্ডটি কলোনীর বাসিন্দা মো. আরিফ (২১)।

গত ১৫ অক্টোবর বিকেলে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী রাধা কৃষ্ণ গৌর নিত্যানন্দ মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালায়। পরদিন মন্দিরের পাশের পুকুরে প্রান্ত দাসের মরদেহ ভেসে উঠে।

আজ শুক্রবার নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুর রহিম তার জবানবন্দিতে গত ১৫ অক্টোবর চৌমুহনীতে মন্দির ভাঙচুর এবং প্রান্ত চন্দ্র দাসকে পিটিয়ে আহত করার কথা স্বীকার করেছেন। সাম্প্রদায়িক হামলার ঘটনায় আরও ২৭ জনের নাম বলেছেন তিনি।

মো. আরিফ মন্দিরে ভাঙচুরে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।

চৌমুহনীতে মন্দির, পূজামণ্ডপ ও বাড়িঘরে হামলা ও হতাহতের ঘটনায় মোট ১৪টি মামলা হয়। এসব মামলায় এ পর্যন্ত ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এ পর্যন্ত ৭ জন আসামি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।