ফরিদপুরে খেত থেকে রিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরের সদর উপজেলা থেকে সাব্বির বিশ্বাস (১৫) নামে এক রিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে উপজেলার উত্তর দয়ারামপুর এলাকার একটি ঘাস খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাব্বির দয়ারামপুর এলাকার আলমগীর বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল সাব্বির। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করে। আজ সকালে একটি ঘাস খেতে সাব্বিরের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাই করার জন্য সাব্বিরকে হত্যা করা হতে পারে।