ফরিদপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরের চরভদ্রাসনে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার আসামি আসলাম শেখ (৩০) কে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম।

শিশুটির বাবা গতকাল শনিবার চরভদ্রাসন থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে আসলাম শেখকে আসামি করে মামলা করেন।

আসলাম চরভদ্রাসন উপজেলার টিলারচর গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং ২ সন্তানের জনক।

মামলার নথি থেকে জানা যায়, গত শুক্রবার সন্ধায় প্রতিবেশি কয়েকজনের সঙ্গে পাশের গ্রামে ওয়াজ শুনতে যায় শিশুটি। ওয়াজের পর আসলাম শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে লোকজন চলে এলে আসলাম পালিয়ে যায়।

এ ঘটনায় আসলাম শেখকে আসামি করে চরভদ্রাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়।