ফেনীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, ফেনী

ফেনীতে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণী নিজেই বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন।

অভিযুক্ত পুলিশ কনস্টেবল শরীফ উদ্দিন বাবলু (২৬) ফেনীর ছাগলনাইয়া উপজেলার জামতলা চৌধুরী বাড়ির জামাল উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে খাগড়াছড়ি পুলিশ লাইনসে কর্মরত।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার ওই তরুণীকে ফেনী পৌর শহরের মহিপাল এলাকায় একটি হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন পুলিশ কনস্টেবল শরীফ। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণী মামলা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ কনস্টেবল শরীফ উদ্দিন বাবলুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রুজু হয়েছে। এ বিষয়ে শিগগির আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি জানান, ফেনী শহর ফাঁড়ির পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমানকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।