ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা রোববার পর্যন্ত গড়াতে পারে: সিএনএন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শনিবার গভীর রাত পর্যন্ত চলবে। এটি সম্ভবত রোববার পর্যন্ত গড়াতে পারে।

শনিবার পাকিস্তানের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সূত্রটি আরও জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরও আলোচনাকক্ষে আছেন।


এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসলামাবাদে থাকা ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের কাছে তেহরানের ১০ দফা প্রস্তাবের অধীনে তাদের শর্তগুলো আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছে।

ইসলামাবাদে ইরানি আলোচক দলের অংশ হিসেবে থাকা বাঘাই সাংবাদিকদের বলেন, ইরান শুরু থেকেই স্পষ্ট করে জানিয়েছে, যুদ্ধবিরতি অবশ্যই বাস্তব হতে হবে এবং শব্দের প্রকৃত অর্থে তা বাস্তবায়িত হতে হবে।

তিনি বলেন, ইরান ও পাকিস্তান পক্ষের মধ্যে আলোচনা ২ থেকে আড়াই ঘণ্টা হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়।

ফারস ও তাসনিম সংবাদ সংস্থা জানায়, ‘প্রাথমিক আলোচনায় অগ্রগতি এবং লেবাননের দক্ষিণ বৈরুতে জায়নিস্ট শাসনের হামলা কমে যাওয়ার’ পরিপ্রেক্ষিতে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে ‘জায়নিস্ট শাসন’ বলতে ইসরায়েলকে বোঝানো হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দপ্তর জানিয়েছে, শান্তি আলোচনা ‘শুরু হয়েছে’। এর পরপরই ইরানি সংবাদ সংস্থা মেহর ও ইসনাও আলোচনার সূচনার কথা জানায়।