‘ফেসবুকে রিকোয়েস্ট’ পাঠানো নিয়ে অন্তঃসত্ত্বাকে মারধরে গর্ভপাতের অভিযোগ
মানিকগঞ্জের শিবালয়ে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ উঠেছে আরেক নারীর বিরুদ্ধে।
মারধরে ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত ঘটেছে বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি।
এ ঘটনায় মামলার পর গতকাল মঙ্গলবার অভিযুক্ত রুনা খন্দকার (৩৭)কে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গত সোমবার উপজেলার শিবালয় নতুন পাড়ায় মারধরের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত রুনা শিবালয় উপজেলার ছোট বোয়ালী গ্রামের হারুন অর রশিদ জুয়েলের স্ত্রী।
মামলার নথি থেকে জানা যায়, শিবালয় নতুন পাড়ার সুরুজ্জামান সুমনের স্ত্রী শিখা আক্তার (২৭)কে পাশ্ববর্তী রুনা খন্দকার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন। এ নিয়ে শিখা তাকে বিষোদগার করেন। এ নিয়ে সোমবার সকালে শিখার বাড়ি ঢুকে রুনা তাকে বেধরক মারধর করেন। এক পর্যায়ে শিখা অসুস্থ হয়ে পরলে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে পরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে শিখার গর্ভপাত হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় একটি মামলা করেছেন। আসামি রুনা খন্দকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।