বংশাল থানার গেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫ পুলিশ সদস্য আহত
রাজধানীর বংশাল থানার গেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানিয়েছে, পেটে ছুরিকাঘাত করায় কনস্টেবল নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই রবি হাসানসহ বাকিদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ গুলিস্তান এলাকা থেকে ইমন ও জুয়েল নামে ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে করে বংশাল থানায় নিয়ে আসার পর এ ঘটনা ঘটে।
বংশাল থানার এসআই আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ভ্যান থেকে ছিনতাইকারীদের নামানোর পর তাদের একজন সুইস গিয়ার ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে।'