‘বকেয়া টাকা চাওয়ায়’ মুদি দোকানিকে পিটিয়ে হত্যা, আটক ২

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ইসমাইল হাওলাদার নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে দোকান ভাঙচুরের অভিযোগও রয়েছে।

আজ শনিবার দুপুরে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিরা হলেন—নূর মোহাম্মদ হাওলাদার ও বাহা উদ্দিন হাওলাদার। গত রাতেই তাদের আটক করা হয়।

ইসমাইল হাওলাদারের বাড়ি উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাঙা গ্রামে। তার বাবার নাম সেকান্দার হাওলাদার।

স্থানীয় বাসিন্দারা জানান, ইসমাইলের দোকান থেকে বাকিতে মালপত্র নিয়েছিলেন ওই এলাকার বাসিন্দা রফিক মোল্লা। গতকাল সকালে ইসমাইল বকেয়া পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে রাতে ৮টার দিকে রফিক মোল্লা তার স্বজনসহ ১০ থেকে ১২ জন নিয়ে ইসমাইলের দোকানে হামলা চালায়। তারা ইসমাইলকে পিটিয়ে গুরুতর আহত করে। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

শওকত আনোয়ার আরও বলেন, রফিক মোল্লাসহ বাকিদের আটকের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।