বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজমুল হাসান অরেঞ্জকে (২৮) প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার আসামি রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস জানান, রাজধানীর বনানীতে অভিযান চালিয়ে এই মামলার প্রধান আসামি শুটার রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তার নামে বগুড়া থানায় আরও ৬টি মামলা রয়েছে।
গত ২ জানুয়ারি আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জেরে নাজমুল হাসান অরেঞ্জকে গুলি করেন রাসেল। এ ঘটনায় অরেঞ্জের বাম চোখের পাশে ২টি গুলি বিদ্ধ হয়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১১টায় মারা যান অরেঞ্জ।
এ ঘটনায় অরেঞ্জের স্ত্রী স্বর্ণালি আক্তার ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা করেছেন।