বঙ্গোপসাগরে অস্ত্রসহ ৬ জলদস্যু আটক
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৬ জলদস্যুকে আটক করেছে র্যাব।
গতকাল শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় তৈরি বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছেন নেজাম উদ্দিন (২২), মোহাম্মদ সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), সুজন (২৪), মানিক (৩২) এবং ওমর ফারুক (২১)। তাদের সবাই মহেশখালী উপজেলার বাসিন্দা।
কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বলেন, 'গোয়েন্দা নজরদারি করে র্যাব জানতে পারে যে, বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল সশস্ত্র দস্যু। এর সূত্র ধরে ছদ্মবেশে র্যাবের একটি দল সাগরে অভিযান চালায়। এ সময় একটি মাছ ধরার ট্রলার থেকে ৩টি দেশীয় তৈরি বন্দুক ও ১১ রাউন্ড গুলিসহ ৬ জলদস্যুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।'