বঙ্গোপসাগরে জাহাজে ডাকাতির সময় ৪৩ ডাকাত আটক

স্টার অনলাইন রিপোর্ট

বঙ্গোপসাগরের গভীরে বাণিজ্যিক জাহাজে ডাকাতির সময় ৪৩ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।

আজ বুধবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে এএইচজেড শিপিংয়ের একজন এজেন্ট কোস্ট গার্ড পূর্ব জোনকে জানান, কক্সবাজার লাইট হাউজ থেকে আনুমানিক ৩৭ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এমভি ল্যাডিনডা নামের একটি স্ক্র্যাপ জাহাজে একদল ডাকাত ডাকাতি করছে। পরে বিষয়টি তদন্তের জন্য সমুদ্রে টহলরত কোস্টগার্ডের জাহাজ মনসুর আলীকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। সেখান থেকে কোস্টগার্ড ২টি বোটসহ ৪৩ জন ডাকাতকে আটক করে।  

এ সময় ডাকাতদের কাছ থেকে কিছু বার্থিং হাউজার, স্টিল ওয়াররোপসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।

জব্দ করা মালামাল এবং আটক ডাকাতদের পতেঙ্গা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি।