বরকত-রুবেলের সহযোগী আরাফাত মাদকসহ গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরে মাদক, অস্ত্রসহ ১০ মামলার আসামি আরাফাত হোসেন জুয়েল (৪২)কে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ২ হাজার কোটি টাকা পাচারের মামলার আসামি শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিস্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের ঘনিষ্ঠ সহযোগী জুয়েল।

গতকাল রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরতলীর ব্রাহ্মণকান্দা এলাকা থেকে তাকে ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

আরাফাত হোসেন জুয়েল বরকত-রুবেলকে মাম বলে ডাকতেন। তাই 'ভাগিনা জুয়েল' নামে পরিচিত।

ফরিদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, বরকত-রুবেলের সন্ত্রাসী বাহিনীর সদস্য হিসেবে কাজ করতেন আরাফাত। তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানা ও সাভার থানাসহ বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মাদক, চারটি অস্ত্র, একটি দ্রুত বিচার আইন ও অপরটি চুরির মামলা। প্রতিটি মামলায় এজাহারভুক্ত আসামি আরাফাত।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণকান্দায় নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয় আরাফাতকে। তার কাছ থেকে ৩০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে শনিবার বিকেলে আরাফাতকে আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই সোহেল রানা বলেন, রোববার আরাফাতের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।